![]() |
ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্বকাপে ধাক্কা, টিকিট বাতিল ১৭ হাজার—ফিফার জরুরি বৈঠক |
বিশ্ব রাজনীতির উত্তাপ এবার পড়ল ফুটবল বিশ্বকাপে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বিদেশনীতি–সংক্রান্ত সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। তার জেরেই প্রায় ১৭ হাজার সমর্থক বিশ্বকাপের টিকিটের আবেদন ফিরিয়ে নিয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিভিন্ন দেশের নাগরিকদের উপর কড়া বিধিনিষেধ, কূটনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক অস্থিরতার আশঙ্কায় অনেক সমর্থকই আমেরিকায় গিয়ে খেলা দেখা নিয়ে দ্বিধায় পড়েছেন। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার সংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে। এর প্রভাব পড়েছে তৃতীয় দফার টিকিট আবেদনে—এই পর্যায়েই মূলত আবেদন প্রত্যাহার করছেন সমর্থকেরা।
জর্ডনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে ১৬,৮০০-এর বেশি আবেদন বাতিল হয়েছে। দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার সমর্থকদের মধ্যেই উদ্বেগ সবচেয়ে বেশি। সমাজমাধ্যমে আমেরিকায় অনুষ্ঠিত ম্যাচ বয়কটের ডাকও দ্রুত ছড়াচ্ছে।
ফিফার নিয়ম অনুযায়ী, আগের দু’দফায় কেনা টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না। ফলে বাতিল হচ্ছে মূলত আবেদনপর্বের টিকিট। এর পাশাপাশি কমছে বিশ্বকাপ আয়োজক শহরগুলিতে হোটেল বুকিংয়ের চাহিদা। টিকিট এজেন্টদেরও সমস্যায় পড়তে হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। রেকর্ড মুনাফার লক্ষ্যেই টিকিটের দাম বাড়ানো হয়েছিল, যা নিয়ে আগেই বিশ্বজুড়ে সমালোচনা হয়েছিল। পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সেই সিদ্ধান্তের প্রভাব এখন স্পষ্ট—এমনটাই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ।
ফিফার জরুরি বৈঠকে বিশ্বকাপ আয়োজক কমিটির প্রতিনিধিরাও থাকবেন। পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

0 মন্তব্যসমূহ